Sylhet Today 24 PRINT

সিলেটে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৪২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জানুয়ারী, ২০২১

করোনাভাইরাস মহামারীর কারণে দেশে পরীক্ষা ছাড়াই আগের পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০২০ সালের এইচএসসি ও সমমানের মূল্যায়নে সবাইকে পাস করানো হয়েছে। এ ফলাফলের ভিত্তিতে সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৪২ জন শিক্ষার্থী।

পরীক্ষা না নিয়ে ফল প্রকাশে আইন সংশোধনের পর শনিবার সিলেট শিক্ষা বোর্ডসহ দেশের ১১টি শিক্ষা বোর্ডের একসাথে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২০২০ সালে সিলেটে শিক্ষা বোর্ডের ফলাফল পর্যালোচনা করে দেখা যায় এ বছর ৭৫ হাজার ৩২৩ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের ফলাফল পর্যালোচনা করে দেখা যায় বিভাগের সিলেট জেলায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮২০ শিক্ষার্থী। এছাড়া হবিগঞ্জ জেলায় ৫৩২ , মৌলভীবাজারে ৬৯৭ ও সুনামগঞ্জ জেলায় ১৯৩ শিক্ষার্থী  জিপিএ-৫ পেয়েছেন।

সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ এ তথ্য ইশ্চিত করে বলেন, করোনার কারণে এবার এইচএসসি পরীক্ষা হয়নি। তাই এসএসি ও জেএসসির ফলের ভিত্তিতে মূল্যায়ন করে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

এর আগে ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার ফল প্রকাশ ও হস্তান্তর’ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

পরে পরীক্ষার ফলাফল সকল বোর্ডের চেয়ারম্যানদের হাতে তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.