Sylhet Today 24 PRINT

সিলেটে জিপিএ-৫ বেড়েছে তিনগুণ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জানুয়ারী, ২০২১

এবছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফলাফলে সিলেটে জিপিএ-৫ বেড়েছে তিনগুন। সিলেট শিক্ষাবোর্ড থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৪২ জন। গতবছর এই সংখ্যা ছিলো ১হাজার ৯৪ জন।

ফলে এবার জিপিএ-৫ বেড়েছে ৩ হাজার ১৪৮টি। শিক্ষা বোর্ডের আওতাধিন ৪ জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে সিলেট জেলার শিক্ষার্থীরা। এ জেলায় ২ হাজার ৪২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া হবিগঞ্জ জেলায় ৫৩২ , মৌলভীবাজারে ৬৯৭ ও সুনামগঞ্জ জেলায় ১৯৩ শিক্ষার্থী  জিপিএ-৫ পেয়েছে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগের ৩ হাজার ৭৫৮ জন, মানবিকে ২৭১ জন ও ব্যবসা শিক্ষা বিভাগের ২১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শীর্ষ ফলাফল অর্জনকারীদের মধ্যে ছেলে মেয়ের সংখ্যা প্রায় সমান সমান। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ২ হাজার ১৩৩ জন ও মেয়ে ২ হাজার ১০৯ জন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে পরীক্ষা ছাড়াই আগের পরীক্ষার ফলের ভিত্তিতে প্রকাশ হয় এইচএসসি ও সমমানের ফল।

অটো পাসের কারণে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে গতবছর এই বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাস করেছিলো ৬৭.০৫ শতাংশ শিক্ষার্থী।

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ হাজার ৩২৩ জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষার ফরম পুরণ করে।

সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ বলেন, করোনার কারণে এবার এইচএসসি পরীক্ষা হয়নি। তাই এসএসি ও জেএসসির ফলের ভিত্তিতে মূল্যায়ন করে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.