Sylhet Today 24 PRINT

মূল্যায়নের জিপিএ-৫-এ সিলেটে এগিয়ে ছেলেরা

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা

নিউজ ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০২১

পরীক্ষা ছাড়াই মূল্যায়নের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) ঘোষণা করা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের ফলাফল পর্যালোচনা করে দেখা যায় এ বছর জিপিএ-৫ মেয়েদের থেকে এগিয়ে ছেলে শিক্ষার্থীরা।

এবছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৭৫ হাজার ৩২৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৪২ জন শিক্ষার্থী। এদের মধ্যে বিভাগের সিলেট জেলায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮২০ শিক্ষার্থী। এছাড়া হবিগঞ্জ জেলায় ৫৩২ , মৌলভীবাজারে ৬৯৭ ও সুনামগঞ্জ জেলায় ১৯৩ শিক্ষার্থী  জিপিএ-৫ পেয়েছেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের পুরো ফলাফল পর্যালোচনা করে দেখা যায় বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত ৪ হাজার ২৪২ জন শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ১৩৩ ছেলে শিক্ষার্থী ও মেয়ে শিক্ষার্থী ২ হাজার ১০৯ জন। ছেলে শিক্ষার্থীর মধ্যে সিলেট জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৭৮ শিক্ষার্থী। এছাড়া হবিগঞ্জ জেলায় ২৪২ , মৌলভীবাজারে ৩৩৯ ও সুনামগঞ্জ জেলায় ৭৪ শিক্ষার্থী  জিপিএ-৫ পেয়েছেন। এদিকে বোর্ডের মেয়ে শিক্ষার্থীর মধ্যে সিলেট জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৪২ শিক্ষার্থী। এছাড়া হবিগঞ্জ জেলায় ২৯০ , মৌলভীবাজারে ৩৫৮ ও সুনামগঞ্জ জেলায় ১১৯ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ এসকল তথ্য নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের কারণে এবার এইচএসসি পরীক্ষা হয়নি। তাই এসএসি ও জেএসসির ফলের ভিত্তিতে মূল্যায়ন করে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

এর আগে ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার ফল প্রকাশ ও হস্তান্তর’ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর থেকেই http://www.educationboardresults.gov.bd/ এ ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল দেখতে পারছেন। প্রধানমন্ত্রী তার সামনে থাকা বাটন চেপে এ ফলাফল ঘোষণা করেন।

পরে পরীক্ষার ফলাফল সকল বোর্ডের চেয়ারম্যানদের হাতে তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.