Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ২৯টি চোরাই গরু উদ্ধার, ৪ চোর কারাগারে

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩১ জানুয়ারী, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরে গরু চোর সিন্ডিকেটের আটককৃত চার সদস্যকে আজ রোববার সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। এসময় চোরাই ২৯টি গরু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গরু সনাক্তে থানার সামেন ভিড় করেছেন কৃষকরা।

গ্রেপ্তারকৃতরা হলেন- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলখালাপাড় গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে সানোয়ার হোসেন সানু (৩৩), একই গ্রামের নজির আলীর ছেলে ছালিক মিয়া ওরফে বাচ্চু(২৪), জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুরের মৃত গয়াছ আলীর ছেলের আনাই মিয়া (২৬) এবং ইকড়ছই এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুস শহিদ (২০)।

পুলিশ ও স্থানীয়রা সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর এলাকায় এক কৃষকের গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি করে পিকআপ গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দেয়। এ সময় চোর পালিয়ে গেলেও গরুসহ পিকআপটি আটক করে থানায় দেয় স্থানীয়রা। শুক্রবার পুলিশ ওই গাড়ির চালক আব্দুস শহিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে গরু চুরির একটি চক্রের সন্ধান পায়। ওইদিন রাত রাত ৮টার দিকে আলখালাপাড় এলাকায় অভিযান চালিয়ে সানোয়ার হোসেন সানুর বাড়িতে তল্লাশি করে ৭টি চোরাই গরু উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ আনাই ও বাচ্ছুকে আটক করে। আটককৃতদের জবানবন্দিতে গত শনিবার পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে পুলিশ আরো ২২টি গরু উদ্ধার করে।

জগন্নাথপুর থানার সামনে উপজেলার বড়কাপন গ্রামের কৃষক ফরহাদ মিয়া জানান, সম্প্রতি তার গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি হয়ে যায়। অনেক স্থানে খোঁজাখুজি করেও গরুর সন্ধান মেলেনি। গত শুক্রবার খবর পাইলাম, জগন্নাথপুর থানায় চোরসহ অনেক গরুর ধরা পড়েছে। এই খবর পেয়ে থানায় আসছি।

অভিযানে অংশ নেওয়া জগন্নাথপুর থানার এসআই রাজিব আহমদ জানান, অভিযানকালে আমরা অনুসন্ধান করে একটি বাড়ির বসতঘরে বিশেষ গোপন ঘর দেখতে পাই। সেই ঘরে চুরি যাওয়া ৭টি গরু মিলেছে। জিজ্ঞাসাবাদ আসামিরা স্বীকার করেছে চুরি করে আনা গরুগুলো গোপন ঘরে রাখা হত। গোপন ঘরটি কেউ দেখার সুযোগ ছিল না।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘গরু চোর সিন্ডিকেলে মূল হোতা সানিসহ আটক চারজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া গরুগুলো সনাক্ত করণের কাজ চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.