Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০১ ফেব্রুয়ারী, ২০২১

সুনামগঞ্জে সামরান হত্যা মামলার রায়ে তাজ উদ্দিন (৫৪) নামের একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

রোববার (৩১ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন। রায়ে ফাঁসির দন্ড-প্রাপ্ত তাজ উদ্দিনকে ৫০হাজার টাকা অর্থদন্ডও প্রদান করেন আদালত। সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি সোহেল আহমদ ছইল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গিয়াস উদ্দিন, ফরহাদ মিয়া, আবুল কালাম, হাসান মিয়া, খুরশিদ আলম ও উজ্জ্বল মিয়া নামের ছয় আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩সালের ৯মে সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সামরান কে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের তাজ উদ্দিনসহ কয়েকজন ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর তাঁর মৃত্যু হয়। পরের দিন এ ঘটনায় নিহতের মা হাওয়ারুন নেছা তাজ উদ্দিনকে প্রধান আসামি করে ৭জনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৭জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেয়। দীর্ঘদিন যুক্তিতর্ক শেষ রোববার আদালত এই মামলার রায় ঘোষণা করেন।

রায়ে মামলার প্রধান আসামি তাজ উদ্দিনকে ফাঁসির আদেশ এবং অন্য ছয় আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি সোহেল আহমদ ছইল মিয়া জানান, মামলার রায়ে আমরা বাদী পক্ষে খুশি। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.