নিজস্ব প্রতিবেদক | ০৪ নভেম্বর, ২০১৫
সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ধর্মঘট ডেকেছে শিক্ষানবীশ চিকিৎসকরা। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে বুধবার রাতে এ ধর্মঘট আহ্বান করা হয়।
জানা যায়, নগরীর দরমগা মহল্লা এলাকার বাসিন্দা আব্দুর রশীদ ওসমানী হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টায় মারা যান। আব্দুর রশীদের মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলাকে দায়ী করে কর্তব্যরত চিকিৎসকদের ওপর চড়াও হন তাঁর স্বজনরা। এসময় দু'জন শিক্ষককে মারধর করেন রোগীর স্বজনরা। পরে দু'পক্ষের মধ্যে হাতাহাতি লেগে যায়। উত্তেজিত স্বজনরা হাসপাতালে ভাংচুর করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার পর শিক্ষানবীশ চিকিৎসকরা ওসমানী হাসপাতালে ধর্মঘটের ডাক দেন। ধর্মঘট আহ্বানের পর কিছুক্ষণ জরুরী বিভাগে সেবা প্রদানও বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য রাত সাড়ে ১০টার দিকে চালু হয় জরুরী বিভাগ।
ধর্মঘটের কারণে দূর্ভোগে পড়েছেন রোগীরা। ধর্মঘটের সমর্থনে ও চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে রাত ৯ টার দিকে ওসমানী হাসপাতালে বিক্ষোভ মিছিল করেন শিক্ষানবীশ চিকিৎসকরা।
এ ঘটনায় পুলিশ রোগীর দুই স্বজনকে আটক করেছে।
ওসমানী হাসপাতাল শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের প্রচার সম্পাদক সৌরভ দেব বলেন, রোগীর স্বজনরা হামলা চালিয়ে কর্তব্যরত চিকিৎসব সুয়েব আহমদ ও শিক্ষানবিশ চিকিৎসক সুবায়ের আহমদকে আহত করেছে। এদের গ্রেফতার করার পূর্ব পর্যন্ত ধর্মঘট চলবে।