Sylhet Today 24 PRINT

জুড়ীতে নদীর তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

জুড়ী প্রতিনিধি |  ০১ ফেব্রুয়ারী, ২০২১

মৌলভীবাজারের জুড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

সোমবার (১ ফেব্রুয়ারি) উপজেলার প্রাণকেন্দ্র জুড়ী নদীর দুই পাশের অবৈধ দখলকৃত জমিতে কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এ অভিযান শুরু হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মো. মোস্তাফিজুর  রহমান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল-আমিন এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পাউবোর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো আখতারুজ্জামান জানান, ভারত থেকে নেমে আসা জুড়ী নদীর দুই পাশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে বিল্ডিং, ঘরবাড়ি স্থাপন করা হয়েছে।এতে করে নদীর দুই পাশ ভরাট হয়ে ছোট হয়ে আছে। অবৈধ স্থাপনাগুলো উচ্ছদের জন্য অনেকবার দখলদারদেরকে নোটিশ দেওয়া হয়েছে কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি। সরকারের সম্পদ উদ্ধারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম বলেন, এই জায়গাগুলো পানি উন্নয়ন বোর্ডের। পাশাপাশি যেগুলো লিজ দেওয়া আছে তাদেরকে উচ্ছেদ করা হবে না। এসব অবৈধ বসতবাড়ি, দোকানপাটসহ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করে নদীর পাশ সংস্কার করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.