জগন্নাথপুর প্রতিনিধি | ০৫ ফেব্রুয়ারী, ২০২১
সুনামগঞ্জের জগন্নাথপুরে রাতের আঁধারে আগুন দিয়ে ফুল মিয়া নামের এক চালকের জীবিকার একমাত্র অবলম্বন সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের অটোরিকশা চালক ফুল মিয়ার নিজ বাড়ির সামনে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত সিএনজি চালিত অটোরিকশা চালক ফুল মিয়া জানান, কে বা কারা রাতের আঁধারে আমার সিএনজি চালিত অটোরিকশা আগুন দিয়ে চলে যায়। আমি মধ্যরাধে লোকজনের চিৎকারে ঘুম থেকে উঠে দেখি গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি বলেন, আমার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল গাড়িটা। নিজে চালিয়ে সংসারের খরচ চালাতাম। এখন একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি। অপরাধীদের চিহ্নিত করে সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা আগুন দিয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’