Sylhet Today 24 PRINT

সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক |  ০৫ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় সারাদেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের গুতিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রেনটির আটটি বগির সাতটিই লাইনচ্যুত হয়ে গেছে। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি জানান, দিবাগত রাত আড়াইটার দিকে উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে রাত তিনটা থেকে তৎপরতা শুরু করে। বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

এদিকে খবর পেয়ে স্থানীয় লোকজন তেল সংগ্রহের জন্য ঘটনাস্থলে জড়ো হন। ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশ ওই এলাকায় পাহারা দিচ্ছে।

ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.