Sylhet Today 24 PRINT

সিলেটে করোনার টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক |  ০৭ ফেব্রুয়ারী, ২০২১

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের মতো সিলেটেও করোনাভাইরাস (কোভিড-১৯) টিকাদান শুরু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে এমএজি ওসমানী হাসপাতালে টিকা প্রয়োগের মধ্য দিয়ে সিলেটে কোভিড-১৯ টিকা দেয়া শুরু হয়।

সিলেটে প্রথম টিকা গ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

এর আগে সকাল সাড়ে ৯টায় অনলাইনে যুক্ত হয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। পরে সকাল ১০টায়  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশে গণ টিকাদান কার্যক্রম শুরু করেন।

সকাল ১১ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত কেন্দ্রের ১০, ১১ ও ৪ নং বুথে তিনজনের টিকাদানের মাধ্যমে সিলেটে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়।

সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেয়া প্রথম তিনজন হলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিটি কাউন্সিলর তৌফিক বক্স লিপন ও সাংবাদিকদের মধ্যে জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ।

কোভিড ১৯ ভ্যাকসিন প্রদানের জন্য গঠিত সিলেট সিটি কর্পোরেশন কমিটির সভাপতি ও সিলেট সিটি করর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আজ আমরা সফলভাবে কোভিড ১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করেছি। ভ্যাকসিন নিয়ে কারো মনে ভয় সংশয় থাকার কোন কারন নেই। করোনাযুদ্ধে প্রথম সারির যোদ্ধারা এরই মধ্যে ভ্যাকসিন নিয়েছেন। আমরা তাদের কাছ থেকে উৎসাহমুলক বক্তব্য শুনেছি। ফলে সবাইকে নির্ভয়ে টিকা নেয়ার আহবান জানাচ্ছি।

মেয়র বলেন, সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিসিকের কাউন্সিলর বৃন্দ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃতি ফুটবলার রঞ্জিত দাস স্বপরিবারে টিকা নিয়েছেন।

মেয়র বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্র এবং সিলেট পুলিশ লাইন্স হাসপাতালে টিকা দান শুরু হয়েছে।

উল্লেখ্য, আগামীকাল থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যোন্ত টিকা দান চলবে।

এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন সিলেট নগরে প্রথম দিনে ৭০০ জনকে টিকা প্রদান করা হবে। ইতোমধ্যে তাদের মোবাইলে টিকা গ্রহণের জন্য বার্তা প্রদান করা হয়েছে। তাছাড়া করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা গ্রহণের জন্য সিলেট জেলায় এ পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ১৮ হাজার ৮৯ জন।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ২ লাখ ২৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন সিলেটে এসে পৌঁছে। সেদিন দুপুরে বেক্সিমকো ফার্মার একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানে ১৯০ টি কার্টনে ২ লাখ ২৮ হাজার ডোজের ভ্যাকসিন নগরীর চৌহাট্টাস্থ সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। যার প্রতি কার্টনে রয়েছে ১ হাজার ২০০ ভায়াল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.