Sylhet Today 24 PRINT

ভয় কেটে গেছে, আত্মবিশ্বাস বেড়েছে

নিজস্ব প্রতিবেদক |  ০৭ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটে প্রথমদিনে করোনভাইরাসের টিকা গ্রহণের পর আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথা জানিয়েছেন টিকা গ্রহণকারীরা। একইসঙ্গে টিকা গ্রহণের পর সম্পূর্ণ সুস্থ আছেন জানিয়ে তারা বলেছেন- এনিয়ে ভয় কেটে গেছে। সকলকে নির্ভয়ে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা প্রয়োগের মধ্য দিয়ে সিলেটে কোভিড-১৯ টিকা প্রদান শুরু হয়।

সিলেটে প্রথম টিকাগ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। টিকাগ্রহণের পর তিনি বলেন, মানসিক ও শারিরীকভাবে আমি পুরো সুস্থ আছি। আগের চেয়ে বরং ভালো আছি। কারণ টিকা দিয়ে করোনার ভয় অনেকটা কেটে গেছে। সিলেট বিভাগের মধ্যে প্রথম টিকা নিতে পেরেও আমার ভালো লাগছে।  

তিনি বলেন, টিকা গ্রহণের পর আমার শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ফলে সবাইকে দ্বিদ্বা-দ্বন্দ্ব ছাড়াই টিকা গ্রহণের আহ্বান জানাই।

বিভাগীয় কমিশনারের পর টিকা গ্রহণ করেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম। টিকা গ্রহণের পর তিনি বলেন, টিকা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। আমি নিজেও টিকা নিয়েছি। আজ এখানে নানা বয়সের মানুষজন নিয়েছেন। কারো কোনো সমস্যা হচ্ছে না। ফলে ভয় পাওয়ার কারণ নেই। অপপ্রচারে কেউ কান দেবেন না।



সিলেটে টিকার কোনো সঙ্কট হবে না বলেও জানান জেলা প্রশাসক।

একই সময়ে টিকগ্রহণ করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদও। তিনি বরেন, বাংলাদেশে করোনাভাইরাস নিয়েও শুরুতে অনেক আতঙ্ক ছড়ানো হয়েছিলো। যা পরে ভুল প্রমাণিত হয়েছে। টিকারক্ষেত্রেও এমনটি হয়েছে। অনেক আতঙ্ক ছড়ানো হয়েছে। অপপ্রচার ছড়ানো হয়েছে। কিন্তু আজ আমি নিজে টিকা গ্রহণ করেছি। এবং এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ আছি। শরীরে কোনো পরিবর্তন নেই। এখন পর্যন্ত সিলেটে যারা টিকা নিয়েছেন তারা সকলেই সুস্থ আছেন। ফলে টিকা নিয়ে অপপ্রচারও ভুল প্রমাণিত হলো।

টিকাগ্রহণ করায় ভালো লাগার কথা জানালেও টিকাদান কেন্দ্রে সামাজিক দুরত্ব বজায় না রাখার অসন্তোষ প্রকাশ করেছেন ওসমানী মেডিকল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নৌশিন তাসনিম। তিনি বলেন, টিকা গ্রহণের বুথগুলোতে সামাজিক দুরত্ব বজায় রাখা হচ্ছে না। এটা করা উচিত।

ডা. তাসনিম বলেন, টিকা গ্রহণের পর আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কমে গেছে।

সকাল সাড়ে ৯টায় অনলাইনে যুক্ত হয়ে সিলেটে টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। পরে সকাল ১০টায়  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশে গণ টিকাদান কার্যক্রম শুরু করেন।

সকাল ১১ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত টিকাদান কেন্দ্রের ১০, ১১ ও ৪ নং বুথে তিনজনের টিকাদানের মাধ্যমে সিলেটে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়।

সিলেটে প্রথমদিনে টিকা গ্রহণ করেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত সাবেক কৃতি ফুটবাল রনজিত দাশ। প্রায় নব্বই বছর বয়সী এই ক্রীড়া ব্যক্তিত্ব অসুস্থতার কারণে কথা বলতে পারেন না। তবে টিকা গ্রহণের পর হাসি দিয়ে জানিয়ে দিয়েছেন তার ভালো লাগার কথা। টিকা নিয়েছেন রনজিত দাসের স্ত্রীসহ পরিবারের সদস্যরাও।

প্রথমদিনে টিকাগ্রহণ করেছেন সিালেটের একাধিক জনপ্রতিনিধিও। সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, তৌফিক বক্স লিপনসহ কয়েকজন কাউন্সিলর টিকা গ্রহণ করেন।

এসময় তারা বলেন, জনগনের মধ্য থেকে বিভ্রান্তি দূর করতে আমরা আগে টিকা নিলাম। জনপ্রতিনিধি হিসেবে মানুষকে উৎসাহিত করতেই আমরা আগে নায়েছি। টিকা গ্রহণের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

ওসমানী হাসপাতালের পাশাপাশি সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালেও সকাল থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। সেখানে পুলিশ সুপার ফরিদ উদ্দিনসহ পুলিশসদস্যরা টিকা গ্রহণ করেন।

কোভিড ১৯ ভ্যাকসিন প্রদানের জন্য গঠিত সিলেট সিটি কর্পোরেশন কমিটির সভাপতি ও সিলেট সিটি করর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আজ আমরা সফলভাবে কোভিড ১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করেছি। ভ্যাকসিন নিয়ে কারো মনে ভয় সংশয় থাকার কোন কারন নেই। করোনাযুদ্ধে প্রথম সারির যোদ্ধারা এরই মধ্যে ভ্যাকসিন নিয়েছেন। আমরা তাদের কাছ থেকে উৎসাহমুলক বক্তব্য শুনেছি। ফলে সবাইকে নির্ভয়ে টিকা নেয়ার আহবান জানাচ্ছি।

আগামীকাল থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যোন্ত টিকা দান চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.