Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে দ্বিতীয় দিনে টিকা নিলেন ৫৯ জন

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৮ ফেব্রুয়ারী, ২০২১

করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন কার্যক্রমের দ্বিতীয় দিনে আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) জগন্নাথপুরে টিকা নিয়েছেন ৫৯ জন।

সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি টিকাদান কেন্দ্রে আগ্রহীরা টিকা নেন।

সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি সাধারণ মানুষ টিকা নিয়েছেন।

প্রথম দিন টিকা নিয়েছিলেন ৬০ জন। এরমধ্যে পুরুষ ৪৪ ও ১৬ জন নারী। দ্বিতীয় দিনে আজ ৫৯ জন টিকা নেন। তারমধ্যে পুরুষ ৪১ জন ও নারী ৮ জন। এদিকে গত দুইদিনে যারা টিকা দিয়েছেন তারা সবাই সুস্থ রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, প্রথম ধাপে উপজেলায় ৮ হাজার ৮শ’ করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে। এরমধ্যে ৪ হাজার ৪শ’ জনকে এই ভ্যাকসিন দুইবার করে দেওয়া হবে। এরই মধ্যে ১৮৩ জন টিকা নিতে আগ্রহী নিবন্ধন করেছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর জানান, গত দুইদিনে জগন্নাথপুরে ১১৯ জন টিকা নিয়েছেন। তারা সবাই সুস্থ আছেন। মানুষ উৎসাহিত হয়ে টিকা দিচ্ছেন। জীবন সুরক্ষায় এই টিকা সবার জন্য দরকার।

তিনি জানান, প্রতিটি টিকাদান কেন্দ্রে দুইজন প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মী ও চারজন করে স্বেচ্ছাসেবক রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.