Sylhet Today 24 PRINT

বড়লেখায় মদ পান করে মাতলামি, পাঁচজনের তিন মাসের জেল

বড়লেখা প্রতিনিধি  |  ০৯ ফেব্রুয়ারী, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় মদ পান করে প্রকাশ্যে মাতলামি করায় পাঁচজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত পাঁচ ব্যক্তি হলেন রান্টু দেব (৩৫), সাইদুৃল (৩০), কবির আহমদ (২৮), মুহিবুর রহমান (২৮) ও সুব্রত দাস (৩২)। তাদের সকলের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় একটি চা বাগান থেকে মদ পান করে দণ্ডপ্রাপ্ত পাঁচজন উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণভাগ বাজারে মাতলামি করছিল। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান চলাকালে স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশের চেকপোস্ট এলাকায় দেশীয় চোলাই মদসহ তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও  উপ পরিদর্শক (এসআই) সাঈদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা করে। 

পাঁচজনকে কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, ‘মাদকের বিরুদ্ধে উপজেলার প্রশাসন ও পুলিশের শক্ত অবস্থান অব্যাহত থাকবে। নিয়মিত অভিযান চলবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.