Sylhet Today 24 PRINT

নাচনকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ০৫ নভেম্বর, ২০১৫

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক রেজাউল করিম নাচনের ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতে নাচনের রিমান্ড আবেদন জানায় কোতোয়ালী থানা পুলিশ।

তবে আদালতে বিচারক সাহেদুল করিম রিমান্ড শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর তারিখ ধার্য্য করেছেন।

কোতোয়ালী থানার সেকন্ড অফিসার ফায়াজ আহমদ জানান, কোতোয়ালী থানায় ২৮/১৭/১/১৫ নং মামলায় (যতরপুরে গাড়ি পোড়ানোর মামলা) আদালতে নাচনের ৭ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালতের বিচারক আগামী ১৭ নভেম্বর রিমান্ড আবেদন শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

এর আগে গতকাল বুধবার বেলা সোয়া ২টার দিকে নগরীর বালুচর এলাকা থেকে ছাত্রদল নেতা রেজাউল করিম নাচনকে গ্রেফতার করেছিল র‌্যাব-৯ এর সাদা পোষাকধারী একটি দল। পরে রাত পৌনে ৯ টায় নাচনকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, গতকাল রাতে র‌্যাবের পাঠানো প্রেসনোটে উলে­খ করা হয়, বুধবার দুপুরে র‌্যাবের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এএসপি পংকজ কুমার দে এর নেতৃত্বে এসএমপি‘র শাহপরান থানাধীন এমসি কলেজ এর ছাত্রাবাস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কোতয়ালী থানার মামলা নং-০৩ (০১) ২০১৪, জিআর নং-০৩/১৪ (বিস্ফোরক মামলা), ২৭ (০৯) ২০১৪, জিআর নং-২৯৪/১৪ (ধারা-১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৫৩/৩৩২/ সরকারী কাজে বাধা ও পুলিশ এ্যাক্ট মামলা) ওয়ারেন্টভুক্ত আসামী রেজাউল করিম নাচনকে গ্রেফতার করা হয়। পরে তাকে শাহপরান থানার জিডি মূলে হস্তান্তর করা হয়।

তবে শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন জানিয়েছিলেন- বালুচর এলাকা থেকে র‌্যাব-৯ এর একটি বিশেষ দল রেজাউল করিম নাচনকে গ্রেফতার করেছে। র‌্যাব জিডিমূলে নাচনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের থানায় তার বিরুদ্ধে কোন ওয়ারেন্ট না থাকায় আমরা তাকে কোতয়ালি থানায় হস্তান্তর করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.