Sylhet Today 24 PRINT

লেখক-প্রকাশক হত্যা, হত্যা চেষ্টা: সিলেটে জেলা জাসদের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৫

প্রগতিশীল ধারাই বইয়ের প্রকাশক ফয়ছল আরেফিন দীপন হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, লেখক রণদীপম বসু ও কবি তারেক রহিমকে হত্যা প্রচেষ্টাসহ মুক্তচিন্তার ব্লগারদের উপর অব্যাহত হামলার প্রতিবাদে ও এসবের সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবিতে সিলেটে প্রতিবাদি মানববন্ধন করেছে জেলা জাসদ।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি আলহাজ্ব কলন্দর আলী। সাধারণ সম্পাদক কে কিবরিয়া চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক লাল মোহন দেব, প্রচার সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, জেলা জাসদ নেতা আব্দুল হাসিব চৌধুরী, বজলুর রহমান বাবুল, হালিম আহমদ, হুমায়ুন কবির ও যুব জোট নেতা রাকেশ ভট্টাচার্য। সমাবেশে বক্তারা প্রকাশক, গবেষক, মুক্তমনা বিজ্ঞান মনস্ক লেখক ফয়ছল আরেফিন দীপন হত্যা এবং অন্যান্যদের হত্যা প্রচেষ্টার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা দেশব্যাপী এসব হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.