Sylhet Today 24 PRINT

ভোট চলছে কানাইঘাট পৌরসভায়

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ফেব্রুয়ারী, ২০২১

পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে সিলেটের কানাইঘাট পৌর এলাকায় ভোটগ্রহণ চলছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এসব পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। প্রায় ১৯ হাজার ৪২৭ ভোটার এদিন তাদের পৌরসভার জন্য নতুন মেয়র ও কাউন্সিলর বেছে নেবেন এ নির্বাচনের মধ্য দিয়ে।

পৌরসভায় ৯টি ভোটকেন্দ্রের ৫৭টি ভোটকক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পৌরসভায় পুরনো পদ্ধতিতে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ কয়েকজন প্রার্থী অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা ও ধানের শীষের প্রার্থীর মধ্যেই।

এদিকে সকালে এই পৌরসভার ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও। পুলিশ, আনসারের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি পৌর এলাকায় মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২১ জন করে পুলিশ ও আনসার এবং প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বপালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.