Sylhet Today 24 PRINT

সিলেটে গ্যাস সংযোগ প্রদান বন্ধ, আন্দোলনে ঠিকাদাররা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৫

সিলেটে গ্যাস সংযোগ বন্ধের প্রতিবাদে নগরীর নয়াসড়কস্থ একটি হোটেলে প্রতিবাদ সভার আয়োজন করে জালালাবাদ গ্যাস ঠিকাদার ওয়েলফেয়ার এসোসিয়েশন।
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, জালালাবাদ গ্যাস অধিভুক্ত ১৫টি আঞ্চলিক কার্যালয়ে ২ নভেম্বর থেকে গ্যাস সংযোগের আবেদন গ্রহণ বন্ধ রাখা হয়েছে। এর ফলে নতুন করে ভোগান্তির শিকার হচ্ছেন প্রায় ১ লাখ সিলেটবাসী।

জালালাবাদ গ্যাসের আওতাভুক্ত আবেদনের জন্য অপেক্ষমাণ হাজার হাজার গ্রাহকের আবেদন পত্র গ্রহণ কার্যক্রম কোনো প্রকার লিখিত আদেশ ছাড়াই শুধুমাত্র মৌখিক নির্দেশে বন্ধ রাখা হয়েছে। এ ব্যাপারে কেউ কোন কারণও দেখাতে পারছেন না।

ঠিকাদার এসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক জিলু তার বক্তব্যে বলেন, দীর্ঘ তিন মাস থেকে রাইজার টেন্ডার হচ্ছে না, যার ফলে সংযোগের জন্য অপেক্ষমাণ ২/৩ হাজার গ্রাহকের সংযোগ দেয়া হচ্ছে না। একাধিকবার এ ব্যাপারে কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে বৈঠক করা হলেও তারা আমাদের আশ্বস্ত করতে পারেনি। এখন আবার নতুন করে আবেদন গ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে, যেটা সিলেটবাসীর সাথে প্রতারণার শামিল।

এছাড়া, শিল্প, বাণিজ্যিক ও আবাসিক মিলিয়ে কমপক্ষে লাখো গ্রাহককে নতুন করে ঝামেলায় পড়তে হচ্ছে। বিশ্বনাথ -বালাগঞ্জ সহ সিলেটের উপোজেলা পর্যায়ে গ্যাস সংযোগ নিশ্চিত করার জন্য সরকারী সম্প্রতি একাধিক টেন্ডারের মাধ্যমে নতুন সরবরাহ লাইন তৈরির কাজ শুরু করতে যাচ্ছেন, একই সাথে নতুন আবেদন বন্ধ রাখাটা পরস্পর বিরোধী সিদ্ধান্ত।

নেতৃবৃন্দের ভাষ্যমতে, সিলেটের বিভিন্ন গ্যাস কুপ হতে উৎপাদিত গ্যাসের পরিমান দৈনিক ২০০০ মিলিয়ন ঘনফুট, তার মধ্যে সিলেটের জন্য বরাদ্দ মাত্র ৩২১ মিলিয়ন ঘনফুট, আর বৃহত্তর সিলেটবাসী ব্যবহার করেন মাত্র ২৫০ মিলিয়ন ঘনফুট। বাদবাকি জাতীয় গ্রীড লাইনে যোগ হয়।
জালালাবাদ গ্যাস অধিভূক্ত এলাকার নেটওয়ার্ক পাইপলাইন অন্যান্য কোম্পানিগুলোর তুলনায় অনেক উন্নত বিধায় চাপ সংক্রান্ত কোনো সমস্যা নেই।

প্রতিবাদ সভা হতে গ্যাস সংডোগের আবেদন পুণরায় গ্রহণের দাবিতে অর্থমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন, জালালাবাদ গ্যাস ঠিকাদার এসোসিয়েশন এর সভাপতি মোজাম্মেল হক জিলু, সাধারণ সম্পাদক পরমদ্যুতি দাস প্রদীপ, সিনিয়র সহ সভাপতি জগদীশ চন্দ্র দাস, সহ সভাপতি ফখর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, উপদেষ্টা কমিটির সভাপতি আবুল ওয়েস সিদ্দিকি, উপদেষ্টা কামাল আহমদ, দেওয়ান আব্দুর রহমান চৌঃ রুহেল, বাবু পান্না লাল রায়, সদস্য শফিউল আলম নূরী, মহিদুল ইসলাম আদিল, আফতাব উদ্দিন, ও জালালাবাদ গ্যাসের সকল ঠিকাদারবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.