বিশ্বনাথ প্রতিনিধি | ১৭ ফেব্রুয়ারী, ২০২১
জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে আগামী ১৯ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে কুকুরের উপর টিকা প্রদান কর্মসূচি। আর টানা পাঁচদিন এ কার্যক্রম বাস্তবায়িত করার পর আগামি ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার এ কর্মসূচির সমাপ্তি করা হবে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাদিপুরস্থ ৫০ শয্যা হাসপাতাল মিলনায়তনে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার প্রোগ্রাম সুপারভাইজার রাসেল আহমেদ তার বক্তব্যে বলেন, আগামী ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি টানা পাঁচদিন সকাল সাড়ে ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্বনাথ পৌরসভা এবং ৮ ইউনিয়নে ভাসমান ও গৃহপালিত কুকুরকে টিকাপ্রদান করা হবে। পৌরসভায় ৪টি টিম ও প্রতি ইউনিয়নে ২টি করে টিম কাজ করবে। প্রতি টিমে পাঁচজন করে কাজ করবেন। কর্মসূচি চলাকালে কেউ চাইলে তার পোষা বিড়ালকেও টিকা প্রদান করতে পারবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুশ শহীদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, হাসপাতালের চিকিৎসক ডা. ফারজানা বেগম ও ইউপি সদস্য আবুল খায়ের।