Sylhet Today 24 PRINT

চৌহাট্টার ঘটনা নিয়ে যা বললেন মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক |  ১৭ ফেব্রুয়ারী, ২০২১

বুধবার (১৭ ফেব্রুয়রি) সকালে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় সড়ক সম্প্রসারণ ও ফুটপাত সংস্কারের কাজ বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এই এলাকায় গড়ে ওঠা মাইক্রোবাস ও প্রাইভেটকারের অবৈধ স্ট্যান্ড রক্ষায় সিটি করপোরেশনের উন্নয়ন কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা।

পরে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে পরিবহন শ্রমিকরা তাদের উপর হামলা চালায়। একপর্যায়ে দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালে আগ্নেয়াস্ত্র সহ একজনকে আটক করে পুলিশ। তিনি অস্ত্র নিয়ে মেয়রের দিকে তেড়ে গিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে বিদ্যুৎলাইন অপসারণ, ফুটপাত সংস্কার ও সড়ক সম্প্রসারণ কাজ চলছে। এই কাজ এখন সমাপ্তির পথে। চৌহাট্টা এলাকায় যখন ফুটপাতের কাজ শুরু করেছিলাম তখন এখানকার অবৈধ স্ট্যান্ড সরাতে বসেছিলাম। কিন্তু শ্রমিকরা বারবার টালবাহানা করছিলো।  শেষমেষ তারা সময় চেয়েছিলো। আমরা সময় দিয়েছি। তারা পার্কিংয়ের জন্য আলাদা জায়গা চেয়েছে। আমি তাদের নগরের ভেতরে খালি জায়গা খুঁজতে বলেছি। এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছি।

মেয়র বলেন, আজ সকালে হঠাৎ করে তারা সড়কের উন্নয়ন কাজ বন্ধ করে দেয়। আমি সাথেসাথে বিষয়টি পুলিশ ও জেলা প্রশাসনকে জানাই। পরে কাউন্সিলর, ম্যাজিস্ট্রেট সিটি করপোরেশনের কর্মকর্তাদের নিয়ে এখানে আসি। এখানে আসার পর তারা আচমকা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। হামলা চালায়। এতে কাউন্সিলর, পুলিশসহ অনেকে আহত হয়েছেন। আমার দিকেও একজন বন্দুক নিয়ে তেড়ে এসেছিলো। পরে পুলিশ তাকে আটক করে।

মেয়র বলেন, পরিবহন শ্রমিকদের এই নৈরাজ্যের বিরুদ্ধে নগরবাসীকে সোচ্চার হতে হবে। এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, কারো বাধায় উন্নয়ন কাজ আটকাবে না। উন্নয়ন অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.