Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে অটোরিকশা চাপায় বৃদ্ধা আহত, চালক-এলাকাবাসী উত্তেজনা : সড়ক অবরোধ

কমলগঞ্জ প্রতিনিধি  |  ১৭ ফেব্রুয়ারী, ২০২১

কমলগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা চাপায় এক বৃদ্ধা নারী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার শমশেরনগর-কুলাউড়া সড়কের উসমানগড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে বেলা ১২টায় স্থানীয় লোকজনের সাথে সড়কে অটোরিকশা চালকদের কথাকাটাকাটি ও ২ চালককে মারধরের ঘটনা ঘটে।

এদিকে চালকদের মারধরের প্রতিবাদে শমশেরনগর উত্তরবাজার সিএনজি চালিত অটোরিকশা চালকরা দুপুর ২টা থেকে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে চালকরা অবরোধ প্রত্যাহার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-কুলাউড়া সড়কের পতনঊষারের ডাকবেল গ্রামের সরফর উল্ল্যার স্ত্রী মোমিনা বেগমকে (৬০) রাস্তার পাশে একটি সিএনজি চালিত অটোরিকশা চাপা দেয়। চাপা দিয়ে গাড়িটি দ্রুত ওই স্থান ত্যাগ করে। গাড়ির চাপায় মোমিনার এক পা ভেঙ্গে যায় ও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা জড়ো হন এবং অদক্ষ চালকদের গাড়ি চালনায় ক্ষুব্দ হয়ে উঠেন। এসময় পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত হন। একই সময়ে সড়কে চলাচলকারী কয়েকজন অটোরিকশা চালকের সাথে স্থানীয়দের কথা কাটাকাটি ও উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় লোকজনের হামলায় শমশেরনগর উত্তরবাজার সিএনজি চালিত অটোরিকশা চালক সমিতির সহ সম্পাদক মো. সিরাজ মিয়া (৩৬) ও চালক মুক্তার মিয়া (৩৩) আহত হন।

এঘটনার প্রতিবাদে শমশেরনগর উত্তরবাজার সিএনজি চালিত অটোরিকশা চালক সমিতির উদ্যোগে শমশেরনগর-কুলাউড়া সড়ক অবরোধ করা হয়। এতে যাত্রীসাধারণের চরম ভোগান্তি দেখা দেয়। প্রায় সোয়া ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে সিএনজি চালিত অটোরিকশা চালকদের সাথে কথা বলে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে শমশেরনগর উত্তরবাজার সিএনজি চালিত অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. মোস্তফা মিয়া বলেন, ‘পুলিশের উপস্থিতিতে উসমানগড় এলাকায় শাহীনসহ কয়েকজন যুবক আমাদের গাড়ি আটকিয়ে চালকদের নামিয়ে টেনে হেচড়ে মারধর করেছে এবং টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে। আমাদের দু’তিন জন চালক আহত হয়েছেন। পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি।’

পতনউষার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. সাজিদ আলী বলেন, ‘একটি সিএনজি চালিত অটোরিকশা বৃদ্ধ মহিলাকে চাপা দিয়ে চলে যায়। মহিলার একটি পা ভেঙ্গে গেছে ও গুরুতর আহত হয়েছেন। মহিলার স্বামীও নেই। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সাথে সিএনজি চালিত অটোরিকশা চালক তর্কাতর্কিতে জড়িয়ে পড়লে উত্তেজিত লোকদের সাথে মারামারির ঘটনা ঘটে।’

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়ে দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। আর অন্যান্য বিষয়গুলো তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.