মাধবপুর প্রতিনিধি | ১৮ ফেব্রুয়ারী, ২০২১
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার কাটিয়ারা গ্রামে বুধবার গভীর রাতে পূজা মণ্ডপে উশৃঙ্খল আচরণ করার প্রতিবাদ করায় আয়োজকদের উপর অতর্কিত হামলায় ৭ জন আহত হয়েছে।
আহতরা হলেন মিঠুন পাল, জুয়েল রায়, আকাশ পাল, বাপ্পি পাল, সুহেল রায়, পিন্টু রায়, পংকজ পাল। তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই গ্রামের মিঠুন পাল জানান, রাতে তাদের বাড়িতে সরস্বতী পূজা চলাকালে একই গ্রামের সুকুমার দাস উপস্থিত হয়ে মেয়েদের সামনে উশৃঙ্খল আচরণ করতে থাকেন। এতে মিঠুন দাসসহ পূজার আয়োজকদের কয়েকজন বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে এর কয়েক ঘণ্টা পর সুকুমার দাস, মিঠুন দাস, প্রভু দাসসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে পূজা মণ্ডপ এলাকায় গিয়ে ভাঙচুর করে এলোপাথাড়ি লোকজনের উপর হামলা চালায়। তাদের হামলায় ৭ জন আহত হন।
খবর পেয়ে মাধবপুর থানার একদল পুলিশ ঘটনা স্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ পাল বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে দুদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ এলে তা স্বাভাবিক হয়।’
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।