Sylhet Today 24 PRINT

হাকালুকি হাওরে পাখি শিকারিদের বিষটোপে প্রাণ গেল ২৫০ হাঁসের

বড়লেখা প্রতিনিধি  |  ১৯ ফেব্রুয়ারী, ২০২১

হাকালুকি হাওরে পাখি শিকারিদের দেওয়া বিষটোপ খেয়ে খামারির ২৫০ টি হাঁসের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হাকালুকি হাওরের পোয়ালা বিলে এই ঘটনা ঘটে। বিলটি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন এলাকায় পড়েছে।

এই ঘটনায় খামার মালিক আলী হোসেন শুক্রবার বিকেলে উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া গ্রামের ফয়জুর রহমানসহ ৫ জনের নামোল্লেখ করে বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া গ্রামের আলী হোসেন ব্র্যাক ব্যাংক থেকে লোন নিয়ে একটি হাঁসের খামার তৈরি করেন। খামারে তার ৪৫০টি হাঁস আছে। হাওরে তিনি ঘর তৈরি করে হাঁসগুলো পালন করেন। প্রায় সময় বিবাদীরা হাকালুকি হাওরে আসা অতিথি পাখি শিকার করে থাকে। হাঁস খামার মালিক আলী হোসেন বিভিন্ন সময় বিবাদীদের পাখি শিকার করতে নিষেধ করেন। বিবাদীরা তার নিষেধ না মানায় তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। এতে বিবাদীদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে বিবাদীরা শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হাকালুকি হাওরের পোয়ালা বিলে আলী হোসেনের খামারের সামনে ধানের সঙ্গে বিষ মিশিয়ে রাখে বিবাদীরা। সকালে হাঁসগুলো খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এসময় বিষ মেশানো ধান খেয়ে ঘটনাস্থলে ২৫০ হাঁস মারা যায়।

খামার মালিক আলী হোসেন শুক্রবার বিকেলে বলেন, ‘আমি গরিব মানুষ। ব্যাংক থেকে লোন নিয়ে হাঁসের খামার তৈরি করেছিলাম। কিন্তু পাখি শিকারিরা আমাকে নি:স্ব করে দিয়েছে। ধানের সঙ্গে শিকারিদের দেওয়া বিষ খেয়ে আমার প্রায় ২৫০ মারা গেছে। বাকি হাসগুলোর অবস্থা খারাপ। যে কোনো সময় মারা যেতে পারে। আমি তাদের প্রায় সময় পাখি শিকার না করার জন্য নিষেধ করতাম। এতে তারা ক্ষুদ্ধ হয়ে আমার এতোগুলো হাঁস বিষ দিয়ে মেরে ফেলেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার শুক্রবার বিকেলে বলেন, ‘বিষটোপ খেয়ে এক খামার মালিকের ২৫০ হাঁস মারা গেছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.