Sylhet Today 24 PRINT

ববি শিক্ষার্থীর ওপর হামলা : শাবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের নিন্দা

শাবি প্রতিনিধি |  ১৯ ফেব্রুয়ারী, ২০২১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) সম্মিলিত সাংস্কৃতিক জোট।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক কার্টুন ফ্যাকটরি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি ও নিন্দা জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বাস শ্রমিকেরা মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়ক অবরোধ করার জের ধরে পরিবহনশ্রমিরা গত মঙ্গলবার গভীর রাতে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

প্রায় এক ঘণ্টা ধরে নগরের রূপাতলী হাউজিং এলাকার কয়েকটি সড়কে শিক্ষার্থীদের মেসে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এ হামলা চালানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী নির্মমভাবে আহত হয়েছেন। যা কোনোভাবেই মেনে নেয়ার মতো না।

এতে আরও উল্লেখ করা হয়, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.