Sylhet Today 24 PRINT

কারাগারে সৎ মা ও ভাইবোনকে হত্যার আসামি

নিজস্ব প্রতিবেদক |  ২০ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটে সৎ মা ও দুই ভাই বোনকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার রাতে নিহত নারীর ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে শাহপরান থানায় মামলা দায়েরের পর শনিবার সকালে গ্রেপ্তার আহবাব হোসেন আবাদকে (১৭) কারাগারে পাঠানো হয়।

শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, মামলায় নিহতের সৎ ছেলে আহবাব হোসেন আবাদ ও হত্যার প্ররোচনার অভিযোগে তার মা সুলতানা বেগম রুমিকে আসামি করা হয়েছে।

ওসি বলেন, “ট্রিপল মার্ডারের ঘটনার পরপরই আটক আহবাবকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তার মা সুলতামা বেগমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সিলেট নগরের উপকণ্ঠের বিআইডিসি এলাকায় ছেলেমেয়েসহ এক গৃহবধূকে হত্যা করে তার সৎ ছেলে। এ ঘটনায় ঘাতক সৎ ছেলেকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। সৎ মায়ের সাথে দ্বন্দের জেরেই সৎ ছেলে তিনজনকে কুপিয়ে হত্যা করে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর আহবাব হোসেন আবাদ (১৭) নিজের সৎ মা ও ভাইবোনকে হত্যার দায় স্বীকার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.