Sylhet Today 24 PRINT

সিলেটটুডেতে প্রতিবেদন: টিলা কাটার দায়ে তাওসী রিসোর্টকে জরিমানা

হৃদয় দাশ শুভ, শ্রীমঙ্গল |  ০৪ মার্চ, ২০২১

সিলেটটুডে টোয়েন্টিফোরে প্রতিবেদন প্রকাশের পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিলা কেটে রিসোর্ট নির্মাণের অভিযোগে তাওসী গার্ডেন নামের একটি নির্মাণাধীন রিসোর্টের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত ২ মার্চ সিলেটটুডেতে ‘শ্রীমঙ্গলে টিলা কেটে রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার (৪ মার্চ) উপজেলার রাধানগর এলাকায় ঝুঁকিপূর্ণভাবে টিলা কাটায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সালের ৬ এর লঙ্ঘনের দায়ে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

শ্রীমঙ্গল সহকারী কমিশনার ভূমি মো. নেছার উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক বদরুল হুদা, এসআই কামরুল হাসান উপস্থিত ছিলেন।

জানা যায়, নির্মাণাধীন রিসোর্টের ভূমি মালিক সুভাষ পাল নুরুল ইসলাম চৌধুরী নামের এক ব্যক্তিকে জায়গাটি দীর্ঘমেয়াদী লিজ বন্দোবস্ত দেন। নুরুল ইসলাম চৌধুরীকে লিজ বন্দোবস্ত নিয়ে সেখানে তাওসী গার্ডেন নামে একটি রিসোর্ট নির্মাণ কাজ শুরু করেন। এতে নির্মাণাধীন রিসোর্টের পেছনের একটি প্রাকৃতিক টিলার অংশ বিশেষ কেটে মাটি ভরাট কাজ করেন। এতে টিলার নিচ কেটে গভীর গর্ত করা হয়েছে তাতে যে কোন সময় টিলাটি সম্পূর্ণ ধ্বসে পড়ার উপক্রম হয়।

ভূমি মালিক সুভাষ পাল বলেন, টিলাটি আগেই কাটা ছিলো। এখন আমরা সামান্য জায়গা কেটে সমান করেছি। এখানে রিসোর্টের কয়েকটি ইকো ঘর এবং একটি জলধারা তৈরির কথা ছিল।

শ্রীমঙ্গলে পাহাড় টিলা কেটে স্থাপনা তৈরির খবরে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতিসহ (বেলা) বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ পরিবেশ ও জীব বৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়ার আশংকা প্রকাশ করে আইনগত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহবান জানায়।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন রিসোর্টটির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জমির মালিক সুভাষ পালকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের মধ্যে কেটে ফেলা মাটি প্রতিস্থাপন করার নির্দেশ দেন।

শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন বলেন, পাহাড়-টিলা কাটা অপরাধ। এতে পরিবেশ ও জীব বৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়ে। টিলা কেটে কেউ যেন প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করতে না পারে সেজন্য প্রশাসন সজাগ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.