সিলেটটুডে ডেস্ক | ০৭ নভেম্বর, ২০১৫
সমাজসেবী ও রাজনীতিবিদ শামছুল আলম চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত পৌণে ১০টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আজ শনিবার ভোর ৬টার দিকে তার মরদেহ ঢাকা থেকে সিলেট নিয়ে আসা হয়।তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের মানুষ সকাল থেকে মরদেহ দেখার জন্য তার বাসায় ভীড় করে।
বাদ মাগরিব হযরত শাহজালাল (র.) দরগাহ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে দরগা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। বেশ কিছুদিন থেকে তিনি দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের পিতা। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।