Sylhet Today 24 PRINT

মাধবপুরে গহনা বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীর হাতের কব্জি কাটল স্বামী

মাধবপুর প্রতিনিধি |  ১২ মার্চ, ২০২১

ব্যবসার জন্য স্ত্রীর গহনা বিক্রি করে টাকা নিতে চেয়েছিলেন শামীম মিয়া। কিন্তু স্ত্রী তাতে বাধা দেন। এতেই ঘটে বিপত্তি। এ নিয়ে বিবাদের এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রীর হাতের কব্জি কেটে দেন স্বামী শামীম।

শুক্রবার (১২ মার্চ) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে এ ঘটনাটি ঘটে।

এদিকে গুরুতর অবস্থায় শামীমের স্ত্রী ফাহিমা বেগমকে (২৩) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাহিমার পরিবারের অভিযোগ, দুই বছর আগে শামীম মিয়ার সঙ্গে ফাহিমাকে বিয়ে দেওয়া হয়। এরপর থেকেই শামীম ব্যবসা করবেন বলে তাকে টাকার জন্য চাপ দিতেন। একাধিকবার তারা টাকা দিয়েছেন। এরপরও ফাহিমাকে শারীরিকভাবে নির্যাতন করতো শামীম। এ নিয়ে সামাজিকভাবে একাধিকবার বৈঠকও হয়েছে।

সম্প্রতি ফাহিমার সোনার গহনা বিক্রি করে ব্যবসার জন্য টাকা দিতে চাপ দেন শামীম। কিন্তু ফাহিমা রাজি না হওয়ায় শামীম তাকে মারপিট করেন। এক পর্যায়ে শামীম ঘরে থাকা ধারালো দা দিয়ে ফাহিমার হাতের কব্জি কেটে ফেলেন। স্থানীয়রা তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.