Sylhet Today 24 PRINT

দিনের বেলায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না : সিসিক

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মার্চ, ২০২১

ছড়া, নালা, খাল ও ড্রেনের অবৈধ দখল অনতিবিলম্বে অপসারণ ও নির্দিষ্টস্থানে যথাসময়ে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানিয়েছে সিলেট সিটি করপোরেশন। রোববার (১৪ মার্চ) সিটি করপোরেশন থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা সিলেট সিটি কর্পোরেশন এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনস্বার্থে নিম্নবর্ণিত বিষয়াদির প্রতি লক্ষ্য রাখা ও প্রতিপালন করা অত্যাবশ্যক হয়ে পড়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিলেট সিটি কর্পোরেশন এলাকার ছড়া, নালা, খাল, ড্রেন ইত্যাদি অবৈধ দখল স্ব-উদ্যোগে অনতিবিলম্বে অপসারণ করে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায়, আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

‘মহানগরীর সকল দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার, হোটেল রেষ্টুরেন্ট এবং বাসাবাড়ির বাসিন্দাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের যাবতীয় ময়লা আবর্জনা প্রতিদিন রাত ৮টা থেকে ১১টার মধ্যে আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য অনুরোধ করা যাচ্ছে। কোন অবস্থাতেই নির্দিষ্ট সময়ের পরে অর্থাৎ দিনের বেলায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না। যদি কেউ এ নিয়ম ভঙ্গ করেন, তাহলে, তার বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে’- বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়।

মাস ব্যাপি পরিচ্ছন্নতা অভিযান নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ১৫ মার্চ থেকে মাস ব্যাপি সিলেট মহানগরীর ড্রেন, ছড়া, নালা ইত্যাদি পরিস্কারের জন্য সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এক পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে। উক্ত অভিযানে মহানগরীর সম্মানিত নাগরিকবৃন্দকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.