Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে রাধারমণ স্মরণ উৎসব শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৮ নভেম্বর, ২০১৫

বৈষ্ণব ও মরমি কবি রাধারমণ দত্তের মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে তিনদিন ব্যাপী স্মরণ উৎসব শুরু হয়েছে। রবিবার বিকেল চারটায় রাধারমণ দত্তের জন্ম ভিটা জগন্নাথপুরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরে রাধারমণ দত্তের জীবন, কর্ম ও সঙ্গীত নিয়ে আলোচনা করেন সুধীজন। আজ (রোববার) রাতে সঙ্গীত শিল্পী বিশ্বজিৎ রায়, মরিয়ম বেগম সুরমাসহ স্থানীয় শিল্পীবৃন্দ রাধারমণ দত্তের লেখা সঙ্গীত পরিবেশন করবেন।

অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, "রাধারমণ একজন সমৃদ্ধশালী মানুষ ছিলেন। তিনি তাঁর উন্নত চিন্তা দিয়ে বাংলার লোক সংস্কৃতি ও লোকগানকে সমৃদ্ধ করেছেন।"


জগন্নাথপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত স্মরণ উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জিম হোসেন রতন, সংরক্ষিত আসনের সাংসদ শামছুন নাহার রব্বানী শাহানা, জেলা পরিষদ প্রশাসক ব্যরিস্টার এম. এনামুল কবির ইমন প্রমুখ।

আগামীকাল (সোমবার) থেকে ১০ নভেম্বর পর্যন্ত সুনামগঞ্জের সরকারি জুবিলী মাঠে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবের শেষ দিনে ওপার বাংলার প্রখ্যাত লোক ব্যান্ড ‘দোহার’ সঙ্গীত পরিবেশন করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.