Sylhet Today 24 PRINT

‘প্রেমে ব্যর্থ হয়ে’ তরুণীকে হত্যা : অভিযুক্ত যুবক আটক

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মার্চ, ২০২১

সিলেটের বিয়ানীবাজারে তরুণীকে কুপিয়ে হত্যার দায়ে অভিযুক্ত নাজিম উদ্দিনকে (২৩) আটক করেছে পুলিশ। মঙ্গলবার সাড়ে ৭টার দিকে উপজেলার আঙ্গারজুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন রাতে ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে নিজ ঘরে খুন হন নাজমিন আক্তার (১৮) নামের এক তরুণী। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে নাজিম তাকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠেছে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, প্রেমে ব্যর্থ হয়ে বিয়ানীবাজারে এক স্কুলছাত্রীকে তারই পার্শ্ববর্তী বাড়ির এক বখাটে নৃশংসভাবে খুন করেছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে টানা নয় ঘণ্টার অভিযানে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় নাজিম উদ্দিন ওই তরুণীর বাড়িতে দিনমজুরের কাজ করতে যান। এ সময় টেলিভিশন দেখতে থাকা নাজমিন আক্তার (১৮) কে বটি দা দিয়ে গলায় পিছন থেকে কুপ মারেন নাজিম। ঘটনাস্থলে ওই তরুণীর মৃত্যু হয়। ঘটনার পরই পালিয়ে যায় নিজাম।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম খান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নাজমিনকে শিশুকালে এনে লালনপালন করেন এলাকার সামসুল হক চৌধুরী। ছেলের পক্ষ থেকে হয়তো একতরফা ওই মেয়েকে প্রেম নিবেদন করা হতো । তা প্রত্যাখ্যান হওয়ায় ক্ষোভের বশবর্তী হয়ে এমন ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় সে।

স্থানীয়রা জানান, সম্প্রতি ওই তরুণীর বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছিল বলে। নাজিম উদ্দিন অন্য এলাকার বাসিন্দা হলেও সে নিহত তরুণীর পাশের বাড়িতে বসবাস করত। তার বাড়ি বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর এলাকায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.