Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে পুলিশের ওপর হামলা, কারাগারে ৪

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে ডাকাতির মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক চারকে মঙ্গলবার সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামের মোকদ্দুছ আলী (৩৫), বিলাল মিয়া (৩৮), মহিবুর রহমান (২০ ও শাহিনুর রহমান (৩৩)। হামলার ঘটনায় সোমবার রাতে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় ৫৫জনকে আসামি করে একটি এসল্ট মামলা দায়ের করেছে।

তবে ঘটনার দুইদিন অতিবাহিত হলেও আজ মঙ্গলবার পর্যন্ত হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি আব্দুল হাশিমকে ধরতে পারেনি পুলিশ। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও এলাকাবাসি জানান, জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে তিন পুলিশ সদস্য গত রবিবার বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে ডাকাতি মামলার ওয়ারেন্টেভুক্ত আসামি আব্দুল হাশিম (৪৫)কে অভিযান চালিয়ে আটক করে নিয়ে আসার সময় স্থানীয় শান্তি বাজারে আসামির স্বজনরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পড়া অবস্থায় আসামি কে ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় তিন পুলিশ সদস্য আহত হলে তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব আহমদ বলেন, হামলার ঘটনায় এএসআই শফিকুল হক বাদী হয়ে ৫৫ জনকে আসামিকে করে থানায় মামলা করেছেন। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। পলাতক আসামিসহ অপরাপর আসামিদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.