সুনামগঞ্জ প্রতিনিধি | ১৭ মার্চ, ২০২১
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'অশালীন' পোস্ট দেয়ার অভিযোগে সুনামগঞ্জের শাল্লা থেকে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
ওই যুবকের (২৪) বাড়ি শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নে।
মঙ্গলবার রাত ১১টায় শাল্লার শাঁসকাই বাজারে তাকে আটক করে গ্রামবাসী। পরে তাকে শাল্লা থানার পুলিশের হাতে তুলে দেয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মঙ্গলবার (১৬ মার্চ) রাত ১০ টার দিকে শাল্লার শাঁসকাই বাজারে তাকে আটক করে গ্রামবাসী। পরে আমাদের খবর দিলে পুলিশের তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া মামুনুল হক গত সোমবার সুনামগঞ্জের দিরাই উপজেলায় মাহফিলে অংশ নেন। ওইদিন হেফাজতে ইসলাম দিরাই পৌর এলাকার স্টেডিয়াম মাঠে শানে রিসালাত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মামুনুল হক।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে মামুনুলের বক্তব্যসহ কিছু বিষয় নিয়ে মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট দেন শাল্লার ওই যুবক। পোস্টে তিনি মামুনুল হকের বিভিন্ন বষয়ের সমালোচনা করেন। এবং পোস্টের সাথে মামুনুল হকের একটি অশালীন ছবি জুড়ে দেন বলে অভিযোগ এলাকাবাসীর।
এনিয়ে এলাকায় সমালোচনা সৃষ্টি হয় এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়৷