রেজওয়ান সাব্বির | ০৮ নভেম্বর, ২০১৫
সিলেটের জৈন্তাপুরে গণধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পর আদালতে তাদের চালান দিলে আদালত গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কামরাঙ্গীখেল উত্তর গ্রামের নুর ইসলামের ছেলে শাহীন আহমদ (৩০), একই গ্রামের মৃত ইনছান আলীর ছেলে শাহীদ আহমদ(১৯), কালিঞ্জ গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে তাজ উদ্দিন (২৩), মোহাম্মদ আলীর ছেলে শাহীন আহমদ (২৬)। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়- গত বৃহস্পতিবার জৈন্তাপুর বাজার থেকে হর্ণি যাওয়ার জন্য লেগুনায় ওঠেন এক মহিলা। লেগুনা চালক শাহীন আহমদ তাকে বোনের বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে কামরাঙ্গীখেল দক্ষিণ গ্রামে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে পাঁচজন মিলে ধর্ষন করেন।
পরে স্থানীয় ইউপি সদস্য আবদুস শুক্কুর মহিলাটিকে উদ্ধার করে থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে।
এ ঘটনায় জৈন্তাপুর থানায় মামলা হয়েছে এবং মামলার ভিত্তিতে ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি সফিউল কবির।