Sylhet Today 24 PRINT

শাল্লায় মামুনুল হক অনুসারীদের তাণ্ডব, হিন্দুদের বাড়িঘরে হামলা, লুটপাট

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০২১

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘অশালীন’ পোস্ট দেয়ার অভিযোগের জেরে সুনামগঞ্জের শাল্লায় তার অনুসারীরা একটি হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা ও লুটপাট চালিয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। আতঙ্কে গ্রাম ছেড়ে চলে গেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ১৫ মার্চ দিরাইয়ে হেফাজতে ইসলামের সমাবেশে আসেন মামনুল হকসহ কেন্দ্রীয় হেফাজত নেতৃবৃন্দ। তিনি সমাবেশে নানান আপত্তিকর কথা বলেন। এ ঘটনায় গতকাল ক্ষুব্ধ হয়ে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামের এক যুবক ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে বঙ্গবন্ধুর ভাঙস্কর্যবিরোধী নেতা মামুনুলের সমালোচনা করেন তিনি।

এ ঘটনাকে ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগ এনে ওই এলাকার হেফাজত নেতার অনুসারীরা রাতে বিক্ষোভ মিছিল করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাতেই ওই যুবককে আটক করে। বুধবার সকালে কাশিপুর, নাচনী, চণ্ডিপুরসহ কয়েকটি মুসলিম অধ্যুষিত গ্রামের হেফাজত নেতা মামুনুল হকের কয়েক হাজার অনুসারী দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে নোয়াগাঁও গ্রামে অতর্কিত হামলা চালায়।

এদিকে হাজারো মানুষের আক্রমণে গ্রাম ছেড়ে পলায়ন করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। এই সুযোগে হেফাজত নেতার অনুসারীরা গ্রামে প্রবেশ করে তছনছ করে। লুটপাট করে বিভিন্ন বাড়িতে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভয়ে ও আতঙ্কে কথাও বলতে পারছে না হিন্দু সম্প্রদায়ের লোকজন। হামলাকারীরা ভাঙঙচুর ও লুটপাটের পাশাপাশি মন্দির ও ভাঙঙচুর করেছে।

হামলার খবর জানালেও পুলিশ দেরিতে ঘটনাস্থলে গিয়েছে বলে অভিযোগ করেছেন গ্রামের লোকজন। তারা এ ঘটনায় নিরাপত্তাহীনতায় আছেন বলেও জানান। অন্যদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের দিনে হিন্দু সম্প্রদায়ের গ্রামে সংঘবদ্ধ হামলা ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন সুধীজন। তারা এ ঘটনায় নিন্দা জানিয়ে সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

গ্রামের রন্টু দাস বলেন, আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। ঘরের সব কিছু লুটপাট করা হয়েছে। আমরা গ্রাম ছেড়ে পালিয়ে এসেছি প্রাণ বাচাতে। আমাদের কি দোষ আমরা কি করেছি আমাদের উপর এমন অত্যাচার কেন, ঘরের মন্দির থেকে শুরু করে সব ভেঙেছে তারা।

হবিবপুর ইউপি চেয়ারম্যান ও নোয়াগাও গ্রামের বাসিন্দা বিবেকানন্দ মজুমদার বলেন, কয়েক হাজার মানুষ এসে হঠাৎ গ্রামে হামলা, লুটপাট চালায়। আমাদের অনেকের দেবতাঘরও ভাঙচুরও করেছে। লুট করেছে ঘরবাড়ি। এমন ঘটনা একাত্তরেও ঘটেনি বলে জানান তিনি। তিনি বলেন, দিরাই উপজেলার নাচনী, চন্ডিপুর, সন্তোষপুর, সরমঙ্গল ও শাল্লা উপজেলার কালিমপুর গ্রামের লোকজনএই হামলা লুটপাটে অংশ নেয়।

দিরাই শাল্লার কৃষক আন্দোলনের নেতা অমরচান দাস বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠী আজ সকালে হিন্দু সম্প্রদায়ের গ্রাম নোয়াগাওয়ে কয়েক হাজার সশস্ত্র লোক নিয়ে হামলা ও লুটপাট চালিয়েছে। প্রাণে বাঁচতে গ্রামবাসী পালিয়ে গেছে। তিনি বলেন, অসাম্প্রদায়িক নেতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে এমন ঘটনায় আমরা হতবাক।

শাল্লা থানার ভাঙরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক গ্রামে হামলার ঘটনা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা উত্তেজনা প্রশমনের চেষ্টা করছি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.