Sylhet Today 24 PRINT

সিলেট-চট্টগ্রাম রুটে বিমান ভাড়া ৪২০০ টাকা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মার্চ, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে চট্টগ্রাম-সিলেট অভ্যন্তরীণ রুটে নতুন করে ফ্লাইট চালু করেছে বাংলাদেশ বিমান।

বুধবার (১৭ মার্চ) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল। উদ্বোধনী দিনে ৭৪ জন যাত্রী নিয়ে এ রুটে উড়াল দেয় আকাশতরী। বেলা ১১টা ৫০ মিনিটে সিলেটের উদ্দেশে ছেড়ে যায় বিমানের ফ্লাইটটি।

সর্বনিম্ন চার হাজার ২০০ টাকা থেকে সর্বোচ্চ সাত হাজার ৬০০ টাকায় বিমানে এ রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

এ বিষয়ে আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে চট্টগ্রাম-সিলেট রুটটি চালু করা হয়েছে। আশা করি, এ রুটে যাত্রী হবে। বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম-কক্সবাজার রুটটিও চালু করার চিন্তা-ভাবনা চলছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রথম দিন ৭৪ জন যাত্রী নিয়ে উড়াল দিয়েছে আকাশতরী। এসময় বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের ফুল দিয়ে বরণ করেন এবং অনবোর্ড লটারি করে বিজয়ী নির্ধারণ করেন। এছাড়া দ্রুতই চালু হতে পারে চট্টগ্রাম-যশোর রুট।

বাংলাদেশ বিমানের নতুন ড্যাশ-৮ সিরিজের প্লেনগুলো সপ্তাহে তিন দিন যাওয়া-আসা করবে এই রুটে। চট্টগ্রাম থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে যাবে সিলেটের উদ্দেশে।

বিমান সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে উড়াল দেওয়া প্লেনটি এক ঘণ্টা ১০ মিনিটে সিলেট পৌঁছাবে। এরপর চট্টগ্রাম ফিরে আসবে।

সড়কপথে নানা অসুবিধা ও সময় বেশি লাগায় দুর্ভোগের শেষ নেই চট্টগ্রাম-সিলেট পথে যাতায়াতকারীদের। আর এমন বাস্তবতায় চট্টগ্রাম-সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমবারের মতো ফ্লাইট চালু করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.