Sylhet Today 24 PRINT

শাল্লায় সাম্প্রদায়িক হামলা: ২ মামলা, ৬ সন্দেহভাজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৯ মার্চ, ২০২১

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু অধ্যুষিত গ্রামে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের হামলায় জড়িত সন্দেহে ছয়জনকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বৃহস্পতিবার রাতে আটকের তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি নাম-পরিচয় জানাননি।

তিনি বলেন, ‘হামলায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ছয় সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আটকের সংখ্যা বাড়তে পারে।’

বুধবারের ওই হামলার ঘটনায় এরআগে বৃহস্পতিবারই দুটি মামলা হয়। এরমধ্যে একটি মামলা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান; অপর মামলার বাদী পুলিশ।

বুধবার শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ৮৭টি হিন্দুবাড়িতে হামলা চালানো হয়। এসব বাড়ি থেকে টাকাপয়সা-স্বর্ণালংকার নিয়ে যায় হেফাজতের কর্মী-সমর্থকরা।

বৃহস্পতিবার রাতে হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম মামলাটি করেন। এতে প্রধান আসামি করা হয়েছে দিরাইয়ের তাড়ল ইউনিয়নের সদস্য স্বাধীন মিয়াকে।

উল্লেখ্য, গত সোমবার সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে আয়োজিত সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা জুনাইদ বাবুনগরী ও মাওলানা মামুনুল হক বক্তব্য দেন। মামুনুল হককে নিয়ে নোয়াগাঁও গ্রামের এক হিন্দু ধর্মাবলম্বী যুবক ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন অভিযোগে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে গত মঙ্গলবার রাতে নোয়াগাঁও গ্রামের লোকজন তাকে পুলিশে ধরিয়ে দেন। পরে গতকাল বুধবার সকালে শাল্লা উপজেলার কাশিপুর, দিরাই উপজেলার নাসনি, সন্তোষপুর ও চন্দ্রপুর গ্রামের কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাট চালায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.