Sylhet Today 24 PRINT

আবুল কাশেম হচ্ছেন সাইবার ট্রাইব্যুনাল সিলেটের বিচারক

নিজস্ব প্রতিবেদক |  ১৯ মার্চ, ২০২১

সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেমকে পদোন্নতি দিয়ে নবসৃজিত সাইবার ট্রাইব্যুনাল, সিলেটের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি আগামী ১ এপ্রিল থেকে দায়িত্বভার গ্রহণ করবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের গত ১৬ মার্চ তারিখের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।

মো. আবুল কাশেমের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি কুলাউড়া উপজেলার ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করে রাজধানী ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম পাস করেন।

আবুল কাশেম ২০০৬ সালের ১৫ মার্চ সহকারী জজ হিসেবে টাঙ্গাইলে যোগদান করেন। পদোন্নতির ধারাবাহিকতায় ওই জেলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জে সিনিয়র সহকারী জজ, সিলেটে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মুন্সিগঞ্জে যুগ্ম জেলা জজ, ঢাকায় অতিরিক্ত মহানগর দায়রা জজ এবং সর্বশেষ ২০১৮ সালের ২৭ জুন সিলেটে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.