Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে যেতে পারবেন না মামুনুল

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২০ মার্চ, ২০২১

শাল্লায় হিন্দু-অধ্যুষিত গ্রামে হামলা ও লুটপাটের ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য সুনামগঞ্জে সব ধরনের ধর্মীয় সভা, সমাবেশ সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

সুনামগঞ্জের ইমাম, ওলামা ও ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, ‘ফেসবুকে স্ট্যাটাসের জেরে শাল্লায় হামলা হয়েছে। সেখানকার পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত আপনাদের প্রতি অনুরোধ কোথাও ধর্মীয় সভা সমাবেশ করবেন না। জামালগঞ্জে যে ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে তা স্থগিত করতে হবে। এই সম্মেলনে হেফাজত নেতা মামুনুল হক আসতে পারবেন না।’

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, ধর্মীয় নেতা মাওলানা আব্দুল বাছির, নুরুন উদ্দিন, আলী নূর, বদলুর আলম, ইদ্রিস আহমদ, মুজিবুর রহমানসহ অনেকে।

ধর্মীয় নেতা মাওলানা আব্দুল বাছিরসহ অন্যরা বলেন, ‘শাল্লায় হিন্দুবাড়িতে হামলার ঘটনায় আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই। ইসলাম এ ধরনের কাজ সমর্থন করে না।’

সভায় সুনামগঞ্জ-সিলেট আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার বলেন, ‘সবার কাছে অনুরোধ করব, আপনারা বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সব ধরনের ধর্মীয় সমাবেশ স্থগিত রাখবেন।’

শাল্লার ঘটনায় দেশজুড়ে সমালোচনার মধ্যে সুনামগঞ্জের জামালগঞ্জে মামনুল হককে অতিথি করে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়। খাদিমুল কুরআন মহিলা মাদ্রাসা জামালগঞ্জের আয়োজনে খতমে বুখারি ও ইসলামী মহাসম্মেলনের জন্য উপজেলাজুড়ে প্রচারণা চালানো হচ্ছে। পোস্টারিং করা হয়েছে দেয়ালে দেয়ালে। আগামীকাল রোববার এ সম্মেলন হওয়ার কথা ছিলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.