Sylhet Today 24 PRINT

কারাগারে স্বাধীন মেম্বার, সোমবার রিমান্ড শুনানি

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২১ মার্চ, ২০২১

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা করা মামলায় গ্রেপ্তার শহীদুল ইসলাম স্বাধীন ওরফে স্বাধীন মেম্বারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার বিকেল সোয়া চারটার দিকে জেলার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরআগে কড়া নিরাপত্তায় স্বাধীনকে আদালতে তুলে ১০ দিনে রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। বিচারক আগামীকাল (সোমবার) এই রিমান্ড শুনানির দিন রাখেন।

স্বাধীনকে গেল শনিবার ভোররাতে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

দিরাইয়ের এক ধর্মীয় সমাবেশে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেয় স্থানীয় এক যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে হেফাজতের কর্মী-সমর্থকরা বুধবার সকালে নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে হামলা চালায়।

শাল্লার সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে করা হয় দুইটি মামলা। হবিবপুর ইউপির চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম মামলাটি করেন। এতে প্রধান আসামি করা হয় দিরাইয়ের তাড়ল ইউনিয়নের সদস্য শহীদুল ইসলাম স্বাধীন ওরফে স্বাধীন মেম্বারকে। এ মামলায় ৮০ জনের নামে ও অজ্ঞাতপরিচয় আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। আরেকটি মামলা করা হয় শাল্লা থানা পুলিশের পক্ষ থেকে। দুই মামলায় রোববার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩৩ জনকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.