Sylhet Today 24 PRINT

জুড়ীতে অটোরিকশা চালকদের দুই পক্ষের সংঘর্ষ: বিএনপি নেতাসহ আহত ৩

জুড়ী প্রতিনিধি  |  ২১ মার্চ, ২০২১

চাঁদার টাকার হিসাব নিয়ে জুড়ীতে সিএনজি চালিত অটোরিকশা চালকদের দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতাসহ ৩ জন আহত হয়েছেন।

জানা যায়, উপজেলা সিএনজি চালিত অটোরিকশা চালকরা দীর্ঘদিন থেকে চাঁদা দিয়ে আসছেন উপজেলা কমিটিকে। কিন্তু হিসাবের জন্য বারবার তাগিদ দেওয়ার পরও চালকরা হিসাব পায়নি। সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু আজ রবিবার জুড়ী চৌমুহনীতে গেলে অপরপক্ষ তাকে হিসাবের জন্য একটি রুমে আটক করে রাখে। খবর পেয়ে মতিউর রহমান চুনুর পক্ষ সেখানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ দেখা দেয়। সংঘর্ষে উপজেলা সিএনজি শ্রমিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু এবং শিশুপার্ক স্ট্যান্ড কমিটির সাবেক সভাপতি আব্দুশ শহীদ, সিএনজি শ্রমিক নেতা খুরশিদ আলম গাজী আহত হন।

তাদের মধ্যে গুরুতর আহত আব্দুস শহীদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এরপর পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজাসহ কয়েকজন নেতৃবৃন্দ মতিউর রহমান চুনুকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেন।

উপজেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিউর রহমান চুনু বলেন, দীর্ঘদিন থেকে হিসাব হচ্ছে না। হিসাবের জন্য বৈঠক আহবান করে সেখানে তাদের দাওয়াত দিতে গেলে তারা (শহীদ অনুসারীরা) আমার উপর হামলা করে।’

অপরপক্ষের জুড়ী শিশু পার্ক স্ট্যান্ড কমিটির সাবেক সভাপতি আব্দুশ শহীদ বলেন, তিনি (মতিউর রহমান চুনু) অনেক দিন থেকে সব ড্রাইভারদের টাকা মেরে খাচ্ছেন। হিসাব চাইলে ও হিসাব দেন না। আজ আমরা হিসাব চাওয়ায় আমাদের উপর হামলা হয়েছে।’

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, সিএনজি চালিত অটোরিকশা চালকদের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত উপস্থিত হওয়ায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.