Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে অটোরিকশা চালক হত্যা: পৌর কাউন্সিলর মুহিত গ্রেপ্তার

কমলগঞ্জ প্রতিনিধি  |  ২২ মার্চ, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিকশা চালক জলিল মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিতকে মৌলভীবাজার থেকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

আটক পৌর কাউন্সিলর সিএনজি চালক হত্যা মামলার প্রধান আসামি কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া শফির ছোট ভাই। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

জলিল হত্যাকান্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গত ১৩ মার্চ তিন ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে সহস্রাধিক সিএনজি চালিত অটোরিকশা চালক ও পরিবহন শ্রমিক। একই দাবিতে ২২ মার্চ সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সব ধরণের যান চলাচল বন্ধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসুচীর ঘোষনা দিয়েছে কমলগঞ্জ উপজেলার সিএনজি-অটোরিক্সা চালক সমিতি, বাস, ট্রাক লরী সমিতি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, গ্রেপ্তারকৃতকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য সম্ভাব্য সকল স্থানে অভিযান চালানো হচ্ছে।’

উল্লেখ্য, গত ৪ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় শমশেরনগর সিএনজি ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস ভর্তি নিয়ে কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফির সাথে কথা কাটাকাটি ও উত্তেজনার পর ছুরিকাঘাতে সিএনজি অটোরিকশা চালক জলিল মিয়া খুন হন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.