Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২২ মার্চ, ২০২১

সিলেটের বিয়ানীবাজারে পুকুরের পানিতে ডুবে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু বাবনেরচক গ্রামের উত্তর মাছিমপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের বাবনেরচক গ্রামের উত্তর মাছিমপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুর পিতা তাজুল ইসলাম বলেন, সোমবার দুপুর ১টা থেকে আমার ৭ বছরের ছেলে নিখোঁজ হয়। এরপর আশপাশের সর্বত্র তার খোঁজ করেও কোন সন্ধান পাইনি। পরে দুপুর ২টার দিকে আমাদের বাড়ির পুকুরের পানিতে আমার ছেলেকে অচেতন অবস্থায় ভাসতে দেখি এবং দ্রুত চারখাই বাজারের সেবা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা আমার ছেলেকে মৃত ঘোষণা করেন। পরে নিশ্চিত হওয়ার জন্য ছেলেকে নিয়ে দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরাও মৃত ঘোষণা করেন।

এদিকে, বাবনেরচক গ্রামের উত্তর মাছিমপুর গ্রামের তাজুল ইসলামের ৭ বছর বয়সী ছেলের মৃত্যুতে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.