Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ

তাহিরপুর প্রতিনিধি |  ২২ মার্চ, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী সংলগ্ন ভারতীয় সীমান্তে বাংলাদেশি এক যুবকের মরদেহ পাওয়া গেছে। নিহত যুবকের নাম সাইদুর রহমান (২৪)। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বারেকটিলার হাবিবুর রহমান ছেলে।
 
সোমবার (২২ মার্চ) দুপুরের দিকে ১২০৩ পিলারের বারেকটিলা সংলগ্ন যাদুকাটা নদীতে ভারতীয় অংশে মরদেহ পাওয়ার খবর জানায় এলাকাবাসী।

এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বারেকটিলার বাসিন্দা নিহত সাইদুর রহমান সোমবার ভোরে যাদুকাটা নদীতে কয়লা সংগ্রহ করতে যান। তার মৃগী রোগ আছে। তবে তার সাথে কে বা কারা ছিল আর কিভাবে মারা যান তা জানা যায়নি। তবে নিহতের লাশ বিএসএফ ময়নাতদন্ত করে হস্তান্তর করতে পারে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার রাজ্জাক জানান, সকাল ১১টা ২০ মিনিটে আমাদের সোর্সদের মাধ্যমে জানতে পারি যে যাদুকাটা নদীর ভারতীয় সীমান্তে বাংলাদেশি এক যুবকের ভাসমান মরদেহ পাওয়া গেছে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কোন কিছু জানায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.