মাধবপুর প্রতিনিধি | ২২ মার্চ, ২০২১
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের গুমুটিয়া গ্রামে গোপাল জিউর আখড়া ও পারিবারিক জগদ্বাত্রী মন্দিরে চুরি হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মন্দির কমিটির লোকজন জানান, প্রতিদিনের ন্যায় সকালে আখড়ায় পুরোহিত পূজা দেওয়ার জন্য গেলে দেখেন গোপাল জিউর আখড়া ও জহরলাল চক্রবর্তীর পারিবারিক জগদ্বাত্রী মন্দিরের গেইটের তালা ভেঙ্গে গোপাল জিউর আখড়া থেকে গোপালের পিতলের মূর্তি, বাদ্যযন্ত্র, ঘন্টা ও জহরলাল চক্রবর্তীর পারিবারিক মন্দির থেকে নোলক, স্বর্ণের টিকলি, বাদ্যযন্ত্র দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনল ইসলাম বলেন, আদাঐর গ্রামে এক সাথে ৪ টি মন্দির চুরির ২ দিন পর গুমুটিয়া গ্রামে ২ টি মন্দিরে চুরি এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।