Sylhet Today 24 PRINT

বকেয়া বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন: কমলগঞ্জে বিদ্যুৎকর্মী লাঞ্ছিত

কমলগঞ্জ প্রতিনিধি  |  ২৩ মার্চ, ২০২১

টানা চার মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কাঁচা বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কালে ক্ষুদ্ধ ব্যবসায়ীরা এক বিদ্যুৎ কর্মীকে শারিরীকভাবে লাঞ্ছিত করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২২ মার্চ) বেলা ১টায়। এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, শমশেরনগর কাঁচা বাজার (ভেতর বাজার) এর গত ডিসেম্বর থেকে চলতি মার্চ মাস পর্যন্ত বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বকেয়া বিলের জন্য বার বার তাগাদা দিলে শমশেরনগর বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ মৌখিকভাবে আবেদন করে বিল পরিশোধের জন্য সময় চান। তাদের অনুরোধে প্রাথমিকভাবে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়নি। একাধিকবার মাইকিং করে অবশেষে সোমবার (২২ মার্চ) সকাল থেকে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে শমশেরনগরে অভিযান চালানো হয়। এ অভিযানে চার মাসের বকেয়া বিলের কারণে শমশেরনগর কাঁচা বাজারের (ভেতর বাজার) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বকেয়া বিলের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় শমশেরনগর কাঁচা বাজারের ব্যবসায়ী মখলিছ মিয়ার নেতৃত্বে কিছু সংখ্যক ব্যবসায়ী দি্যুৎ সংযোগ বিচ্ছিন্নকারী দলের কর্মকর্তা পবিস কমলগঞ্জ আঞ্চলিক শাখার হিসাব বিভাগের কর্মকর্তা সুলতান উদ্দীনকে ধরে মারধর করে। এক পর্যায়ে সুলতান উদ্দীন দৌড়ে গিয়ে একটি দোকানে আশ্রয় গ্রহন করেন।

পবিস কমলগঞ্জ আঞ্চলিক শাখার এজিএম (কম) ওবায়দুল হক বলেন, ‘টানা চার মাসের বকেয়া বিলের জন্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুয়ায়ী শমশেরনগর ভেতর বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অন্যায়ভাবে পবিস-এর হিসাব বিভাগের একজন কর্মকর্তাকে মারধর করেছে ব্যবসায়ীরা। এ জন্য পবিস আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।’

শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান বিদ্যুৎকর্মীকে মারধরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার জন্য তারা লজ্জ্বিত। বিষয়টি সামাজিকভাবে সমাধান করা যায় কিনা তার চেষ্টা করছেন বলে তিনি জানান।

পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মীর গোলাম ফারুক সোমবার সন্ধ্যায় জানান, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির নিয়ন্ত্রণে বিদ্যুৎ বিল বেশীরভাগই বকেয়া ছিল। তাদের পর্যায়েক্রমে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ দেওয়ার পরও তারা বিল বকেয়া রাখে। সোমবার শমশেরনগর ভেতর বাজারের কিছু ব্যবসায়ী যে ঘটনা ঘটিয়েছে তা ক্ষমার অযোগ্য। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.