Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারের মেয়র ময়ুনের বিরুদ্ধে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৫

মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ুনের বিরুদ্ধে রুল নিশি জারি করেছেন হাইকোর্ট।

পৌরসভার কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক শরমিলা দেব এর রিট আবেদনের ভিত্তিতে এই রুল জারি করেন বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার।

রিট আবেদনকারির আইনজীবী এডভোকেট মোঃ সরফরাজ মিয়া বলেন, মেয়রের দুর্নীতির সহযোগী হতে রাজি হননি বলেই কর্মচারী সংসদের এই জনপ্রিয় নেত্রীকে নাজেহাল করার সব অপচেষ্টা করেছে মেয়র।

তিন বছর ধরে তার বেতন ভাতা আটকে রেখেছে। ক্ষুণ্ণ করেছে তার মানবাধিকার। এই প্রেক্ষিতে রিট আবেদন। অন্যদিকে  মেয়র ফয়জুল করিম ময়ুনের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন পৌরসভার সাবেক কর্মকর্তা প্রকৌশলী গৌছুল ইসলাম ও মুদ্রন ব্যবসায়ী সালেহ এলাহি কুটি। গৌছুল ইসলাম বলেন মেয়র ময়ুন দুর্নীতিবাজ।

তার সচিব আবু জার গিফরি সরাসরি তার কাছে ঘুষ চেয়েছে। ঘুষ দেননি বলে মেয়র ও তার সচিব পাওনা টাকা আটকে দিয়েছে। এমনকি এ  সংক্রান্ত ব্যপারে তারা মন্ত্রনালয়ের আদেশকেও অগ্রাহ্য করেছে।

সালেহ এলাহি কুটি বলেন, মুদ্রণের কাজ করিয়ে টাকা দেয়নি এই মেয়র। তাই তিনি তার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠাতে বাধ্য হয়েছেন। প্রস্তুতি নিচ্ছেন মামলা দায়েরেরও।

উল্লেখ্য, ওয়ান ইলেভেনের সময় মেয়র ময়ুন গ্রেফতার হয়ে বেশ কিছুদিন কারাভোগ করেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.