শায়েস্তাগঞ্জ প্রতিনিধি | ২৩ মার্চ, ২০২১
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক্টরের পিছনে ট্রাকের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পরে মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ যানচলাচল স্বাভাবিক করে।
নিহত নুর ইসলাম শায়েস্তাগঞ্জ পৌর এলাকার চরনুর আহমদ গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন ব্রিজগামী পল্লীবিদ্যুতের খুঁটিবাহী ট্রাক্টরের পেছন থেকে বালুবাহী একটি ট্রাক ধাক্কা মারে। এতে ট্রাক্টরচালক নুর ইসলাম, ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলাম মারা যান।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বলেন, দুর্ঘটনাটি সম্পর্কে আমাকে অবগত করা হয়েছে। খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়।