Sylhet Today 24 PRINT

সিলেটে বাম সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৭

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মার্চ, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের সিলেটের কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়েছে। এ সময় বাম নেতাদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে।

বুধবার (২৪ মার্চ) বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বাম সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষের এই ঘটনা ঘটে। এতে জোটের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা যায়। পরে ৩ নারীনেত্রী ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক উজ্জ্বল রায়সহ সাতজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, বাম গণতান্ত্রিক জোটের সিলেটের সমন্বয়ক উজ্জ্বল রায়, সঞ্জয় কান্তি দাস, মনীষা ওয়াহিদ, সাদিয়া জাহান নৌশিন, ফাহিম, রানা।

ঘটনার ব্যাপারে বাম নেতা প্রণব জ্যোতি পাল বলেন, ‘আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। প্রথমে পুলিশ এসে আমাদের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আমরা দ্রুত সমাবেশ শেষ করে বিক্ষোভ মিছিল নিয়ে জিন্দাবাজারের দিকে রওয়ানা হব- এমন সময় পুলিশ হামলা চালায়। এ হামলায় বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।’
 
এদিকে কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের অভিযোগ, শুরুতে পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে সহযোগিতা করে। তবে সমাবেশের শেষের দিকে বিনা উস্কানিতে নেতাকর্মীদের উপর বেধড়ক লাঠিচার্জ শুরু করে। এ সময় পুরুষ পুলিশ সদস্যরা নারী কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। একইসাথে অবিলম্বে আটককৃতদের মুক্তি ও হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান জোটের নেতৃবৃন্দ।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম জানান, সিলেটে বামের কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদেরকে সুশৃঙ্খলভাবে সমাবেশ সম্পন্ন করতে বলা হয়। তবে তারা না করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে পুলিশ শৃঙ্খলা  ফেরাতে কয়েকজনকে আটক করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.