Sylhet Today 24 PRINT

ট্রাকের ভেতর মিলল মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মার্চ, ২০২১

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দক্ষিণ গোয়ালাবাজারে বুধবার ট্রাকের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ট্রাকচালক, নাম মুজিবুর রহমান (৪০); তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার আলীর চর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাকসুদুল আমীন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, গোয়ালাবাজারে ট্রাকের উপর একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মুজিবুর রহমানকে হত্যার পর মরদেহ ট্রাকের মধ্যে রেখে দেয়।

মৃত ব্যক্তির গলায় ও মাথায় আঘাত চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে, জানান এ পুলিশ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.