সিলেটটুডে ডেস্ক | ২৫ মার্চ, ২০২১
সুনামগঞ্জ জেলার শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িঘরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় আজ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রতিমন্ত্রী নোয়াগাঁওয়ে পৌঁছবেন বলে জানাগেছে। প্রতিমন্ত্রীর সাথে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দও ঘটনাস্থলে যাবেন বলে জানিয়েছেন ট্রাস্টের ট্রাস্টি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু।
তিনি জানান, বৃহস্পতিবার দলটি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। এছাড়া অসহায় দরিদ্র ক্ষতিগ্রস্থদের প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সহযোগিতা করারও কথা রয়েছে।
প্রতিমন্ত্রীর সঙ্গে ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল এমপি, ট্রাস্টি অশোক মাধব রায়, ট্রাস্টি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, ট্রাস্টি বোর্ডের সচিব ডা. দীলিপ কুমার ঘোষ, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল হামিদ জমাদ্দার, হিন্দু কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালকপ্রশান্ত কুমার বিশ্বাস প্রমূখ নোয়াগাওয়ে যাবেন।
প্রসঙ্গত, হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে একটি স্ট্যাটাসের জেরে গত ১৭ মার্চ নোয়াগাওয়ের প্রায় ৮০ হিন্দু বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়।